Saturday, 23 May 2015





                         জীবনে চলার সাথী


ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা
হৃদয়মাঝে তুমি যে আমার আঁধার রাতের তারা

তোমার রূপে মোর মুগ্ধ আঁখি
বারেবারে তাই তোমারে দেখি,

মনের জগতে তুমি আমার জীবন নদীর ধারা
বিশ্বজুড়ে চলার পথে আমি পথিক, পথহারা

এগিয়ে এসে হাতটি ধরো হই যদি কভু দিশাহারা
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা

জীবনপথে চলতে গিয়ে,
ধন্য আমি তোমায় পেয়ে,

সংসারে জীবন চলার পথে তুমি যে আমার ধ্রুবতারা
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা

মোর চলার পথে তুমি সাথী  
আমার জীবনে ব্যথার ব্যথী

ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা

হৃদয়মাঝে তুমি যে আমার, আঁধার রাতের তারা

Thursday, 21 May 2015

   বৃষ্টি পড়ে টাপুর টুপুর

                      বৃষ্টি পড়ে
                      টাপুর টুপুর,
                      বৃষ্টি ভেজা
                      সারা দুপুর।

সারাদিন
বৃষ্টি ঝরে,
গরু থাকে
গোয়ালঘরে।


                     বৃষ্টি পড়ে
                     মেঘ ডাকে,
                     পাখিরা সব
                     বাসায় থাকে।

গামছা গায়ে
হীরু দাস,
মাঠের আলে
কাটে ঘাস।

                      আঙিনায়
                      ধীরু পাল,
                      বাঁধে গরু
                      রাখে হাল।

গাঁয়ের বউ
কুয়ো তলায়,
জল তুলে
বাড়ি যায়।

                      রাজহাঁস
                      পুকুর-পাড়ে,
                      ঘন ঘন
                      পাখা নাড়ে।

সাঁঝের বেলা
সূয্যি ওঠে।
বৃষ্টি বাদল
গেছে টুটে।

Thursday, 14 May 2015


মোদের গ্রাম

ঐ যে দূরে, নদীর ধারে,
ছোট্ট মোদের গ্রাম
সেই গাঁয়েতে জন্ম আমার,
সেই গাঁ আমার প্রাণ

ছোট ছোট ছেলে, সকাল হলে
রোজ পাঠশালাতে যায়
গাঁয়ের রাখাল, নিয়ে গরুপাল,
মাঠে মাঠে গরু চরায়

ছোট ছোট ফুল, ফুটেছে কত,
ফুল-বাগানের মাঝে
মধুকর করে, মধু আহরণ
প্রত্যহ সকাল-সাঁঝে

ছোট গাঁয়ে, ছোট ছোট ঘর
অশ্বত্থ ও তেঁতুল গাছ
কাজলা দিঘিতে, জেলেরা সবে
প্রতিদিন ধরে মাছ

গাঁয়ের তাঁতিরা, সারাদিন বুনে
ধূতি, গামছা, শাড়ি
গাঁয়ের কুমোর, মাটি দিয়ে গড়ে
মাটির কলসি হাঁড়ি

ময়রা মুদি, অতি ভোরে উঠি
মিষ্টি সন্দেশ বানায়,
গাঁয়ের কামার, কামার শালায়,
দিনরাত হাতুড়ি চালায়

আমার গাঁয়ে, দিনের শেষে
সাঁঝের আঁধার নামে,
রাতের আকাশে, জোছনা হাসে,
ক্লান্ত নিঃঝুম গ্রামে

Thursday, 23 April 2015

আমি যে জানি না সাঁতার

পার করে দাও
এ ভব সাগর
আমি যে জানি না সাঁতার
নিভে গেছে দীপ
এ জীবনে আমার
নেমেছে গহন আঁধার
আমি যে জানি না সাঁতার

ষড়রিপু মোর
বশে না আসে,
বেঁধেছে আমারে
অক্টো পাশে
আমায় কর ভবসিন্ধু পার
আমি যে জানি না সাঁতার

ছিঁড়ে গেছে পাল,
ভেঙে গেছে হাল,
আমি যে অকূলে ভাসি
শ্রী গুরু কাণ্ডারী,
দেহ তব চরণতরী,
ধর হাত সম্মুখে আসি

দিন ফুরায়ে গেল,
জীবনে সন্ধ্যা এল,
স্মরণ করি শ্রীগুরুর নাম
গুরুনাম জপিলে,
শ্রীগুরু স্মরিলে,
অচিরে পাবে শ্রীবৈকুণ্ঠধাম
গুরু নাম জপ বারে বার
আমায় কর ভবপার
আমি যে জানি না সাঁতার

লক্ষ্মণ কহে শোন ভাই,
আর তো সময় নাই
শ্রীগুরুনাম জপ অনিবার
আমায় কর ভব পার
আমি যে জানি না সাঁতার

Saturday, 18 April 2015

       শুভ নববর্ষ

নববর্ষ আগমনে খুশি সবাকার,
প্রেম প্রীতি ভালবাসা, প্রীতি উপহার
নতুন সকালে রবি ছড়ায় কিরণ,
মন্দ মন্দ বহিতেছে মুক্ত সমীরণ

বৃক্ষশাখে গাহে পাখি, সুমধুর গান,
ভালবাসা বিনিময়, শুভেচ্ছা প্রদান
ফুটেছে কুসুম কত পুষ্পিত কাননে,
মধুকর আসে নিত্য মধু আহরনে

নব সাজে সুসজ্জিত সব শিশুগণ,
সুমধুর বাক্যে তারা করে আলাপন
পুষ্পে পুষ্পে সুসজ্জিত বিপণি সকল,
ক্রেতাগণে করে সদা, ভিড় অবিরল

নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ,

কবিতার ক্লাবের পাঠক-কবিগণ

Monday, 23 March 2015

নতুন সকাল

রাতের আঁধারে ঝিঁঝিঁ পোকা
কেঁদে মরে মাথা কুটে
অর্জুন গাছের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বলে ওঠে
রাতে চাঁদ নেই আকাশে,
তারারা আকাশের গায়
গাঁয়ের নদী, কুলু কুলু রবে
সাগরের পানে ধায়
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
কেড়ে নেয় রাতের ঘুম
রাতের আঁধার ধরণীর বুকে
শুয়ে থাকে নিঝ্ঝুম
রাতের শেষে ভোরের আকাশে
শুকতারা কথা কয়
গাছে গাছে শুনি, পাখিদের গান
নতুন সকাল হয়

Friday, 20 March 2015

     একুশে ফেব্রুয়ারী

কত শহীদের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
মাতৃভাষা দিবস মোরা
ভুলতে কি আর পারি?

একুশে ফেব্রুয়ারী, নিয়েছে কেড়ে
কত শহীদের প্রাণ;
কত না মায়ের ঝরেছে অশ্রু,
কেবা রাখে তার সন্ধান

দেশের মানুষ যে ভাষাতে,
গর্বের সাথে কথা কয়,
বাঙালীর আশা, বাঙালীর ভাষা,
মাতৃভাষা তুচ্ছ নয়

উর্দু হবে রাষ্ট্র ভাষা,
আবার কেমন কথা
বাঙালী হয়েও বুঝিতে না চায়,
বাঙালীর মর্মব্যথা

নতুন সকাল ঘোষণা করিছে,
আজি এল শুভদিন
শহীদ স্মরণে শহীদ মরণে,

শোধ কর সবে রক্তঋণ