Thursday, 23 April 2015

আমি যে জানি না সাঁতার

পার করে দাও
এ ভব সাগর
আমি যে জানি না সাঁতার
নিভে গেছে দীপ
এ জীবনে আমার
নেমেছে গহন আঁধার
আমি যে জানি না সাঁতার

ষড়রিপু মোর
বশে না আসে,
বেঁধেছে আমারে
অক্টো পাশে
আমায় কর ভবসিন্ধু পার
আমি যে জানি না সাঁতার

ছিঁড়ে গেছে পাল,
ভেঙে গেছে হাল,
আমি যে অকূলে ভাসি
শ্রী গুরু কাণ্ডারী,
দেহ তব চরণতরী,
ধর হাত সম্মুখে আসি

দিন ফুরায়ে গেল,
জীবনে সন্ধ্যা এল,
স্মরণ করি শ্রীগুরুর নাম
গুরুনাম জপিলে,
শ্রীগুরু স্মরিলে,
অচিরে পাবে শ্রীবৈকুণ্ঠধাম
গুরু নাম জপ বারে বার
আমায় কর ভবপার
আমি যে জানি না সাঁতার

লক্ষ্মণ কহে শোন ভাই,
আর তো সময় নাই
শ্রীগুরুনাম জপ অনিবার
আমায় কর ভব পার
আমি যে জানি না সাঁতার

Saturday, 18 April 2015

       শুভ নববর্ষ

নববর্ষ আগমনে খুশি সবাকার,
প্রেম প্রীতি ভালবাসা, প্রীতি উপহার
নতুন সকালে রবি ছড়ায় কিরণ,
মন্দ মন্দ বহিতেছে মুক্ত সমীরণ

বৃক্ষশাখে গাহে পাখি, সুমধুর গান,
ভালবাসা বিনিময়, শুভেচ্ছা প্রদান
ফুটেছে কুসুম কত পুষ্পিত কাননে,
মধুকর আসে নিত্য মধু আহরনে

নব সাজে সুসজ্জিত সব শিশুগণ,
সুমধুর বাক্যে তারা করে আলাপন
পুষ্পে পুষ্পে সুসজ্জিত বিপণি সকল,
ক্রেতাগণে করে সদা, ভিড় অবিরল

নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ,

কবিতার ক্লাবের পাঠক-কবিগণ

Monday, 23 March 2015

নতুন সকাল

রাতের আঁধারে ঝিঁঝিঁ পোকা
কেঁদে মরে মাথা কুটে
অর্জুন গাছের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বলে ওঠে
রাতে চাঁদ নেই আকাশে,
তারারা আকাশের গায়
গাঁয়ের নদী, কুলু কুলু রবে
সাগরের পানে ধায়
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
কেড়ে নেয় রাতের ঘুম
রাতের আঁধার ধরণীর বুকে
শুয়ে থাকে নিঝ্ঝুম
রাতের শেষে ভোরের আকাশে
শুকতারা কথা কয়
গাছে গাছে শুনি, পাখিদের গান
নতুন সকাল হয়

Friday, 20 March 2015

     একুশে ফেব্রুয়ারী

কত শহীদের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
মাতৃভাষা দিবস মোরা
ভুলতে কি আর পারি?

একুশে ফেব্রুয়ারী, নিয়েছে কেড়ে
কত শহীদের প্রাণ;
কত না মায়ের ঝরেছে অশ্রু,
কেবা রাখে তার সন্ধান

দেশের মানুষ যে ভাষাতে,
গর্বের সাথে কথা কয়,
বাঙালীর আশা, বাঙালীর ভাষা,
মাতৃভাষা তুচ্ছ নয়

উর্দু হবে রাষ্ট্র ভাষা,
আবার কেমন কথা
বাঙালী হয়েও বুঝিতে না চায়,
বাঙালীর মর্মব্যথা

নতুন সকাল ঘোষণা করিছে,
আজি এল শুভদিন
শহীদ স্মরণে শহীদ মরণে,

শোধ কর সবে রক্তঋণ
      ঋতুরাজ বসন্ত

ষড়ঋতু শ্রেষ্ঠ তুমি, বঙ্গে ঋতুরাজ !
সবুজের সমারোহ দিকে দিকে আজ
বসন্তের আগমনে ডাকিছে কোকিল,
মৃদুমন্দে, ছন্দে ছন্দে, বহিছে অনিল

সুশীতল সমীরণে মেতেছে ভুবন,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, হরষিত মন
সৌরভ ছড়ায় পুষ্প, পুষ্পিত কাননে,
নিত্য আসে মধুকর, মধু আহরণে

বসন্তে সজ্জিত নব নব কিশলয়,
সুসজ্জিত বৃক্ষরাজি শোভে শোভাময়
পূর্ণিমার আকাশেতে, রাতে চাঁদ ওঠে,
জোছনায় নদীজলে, তারাগুলি ফোটে

চতুর্দিক ঝিকমিক, জোনাকিরা জ্বলে,

রাত কাটে ভোর হয়, ধরণীর কোলে

Thursday, 12 March 2015

দোলযাত্রা

পূর্ণিমায় দোলযাত্রা, রঙের বাহার,
হৃদয়ে পুলক জাগে, খুশিতে সবার
ফুটেছে পলাশ ফুল, লোহিত বরণ,
প্রকৃতির শোভা হেরি, হরষিত মন

ব্রজধামে হোলি খেলে, ব্রজের নন্দন,
রাই কানু এক সাথে, সঙ্গে গোপীগণ
রঙে রঙে ব্রজপুরে, ছেয়েছে আকাশ,
আবীর রাঙানো রবি, হাসিছে বাতাস

কচিকাচা, ছেলে বুড়ো, কিশোর কিশোরী,
সবে মিলে হোলি খেলে, মারে পিচকারী
হাতে রং, মুখে রং, রং লাগে গায়ে,
ছোটরা আবীর দেয়, বড়োদের পায়ে

ধন্য পূণ্য দোল যাত্রা, মহা ধূম ধাম
বর্ষে বর্ষে দোল আসে, নাহিক বিরাম



হোলির গান

রঙের ফাগুন,
লাগায় আগুন
যৌবনে
মৌ-মাছি
উড়ে নাচি,
মৌবনে
ধরায়,
রং ছড়ায়,
গানে গানে
রং লাগায়,
জং ধরায়,
প্রাণে প্রাণে
বন পলাশ
ভরে আকাশ
সৌরভে
নদীর পাড়ে,
বাঁশ ঝাড়ে
সূয্যি ডোবে
হোলির দিন,
স্বপ্ন রঙিন,
মনে ভাসে
বছর শেষে,
ফাল্গুন মাসে,
হোলি আসে


Ø  কবিতার আসরের সবাইকে জানাই দোল পূর্ণিমার
 আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা