Thursday, 12 March 2015

হোলির গান

রঙের ফাগুন,
লাগায় আগুন
যৌবনে
মৌ-মাছি
উড়ে নাচি,
মৌবনে
ধরায়,
রং ছড়ায়,
গানে গানে
রং লাগায়,
জং ধরায়,
প্রাণে প্রাণে
বন পলাশ
ভরে আকাশ
সৌরভে
নদীর পাড়ে,
বাঁশ ঝাড়ে
সূয্যি ডোবে
হোলির দিন,
স্বপ্ন রঙিন,
মনে ভাসে
বছর শেষে,
ফাল্গুন মাসে,
হোলি আসে


Ø  কবিতার আসরের সবাইকে জানাই দোল পূর্ণিমার
 আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা
















Monday, 9 March 2015

রোদনভরা ফাল্গুনে

ফুল ফুটেছে, মৌ-বনে আজ
এলো না মধুকর
প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস
ভাঙলো সুখের ঘর

ছিন্ন গোলাপ কাঁদে পড়িয়া ধূলায়,
ডাকে মধুকরে, আয় কাছে আয়

নয়নের জলে নদী বয়ে যায়,
নিঃশ্বাসে বহে ঝড়
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফুল বাগিচায় ভোরের হাওয়ায়,
ফুটেছে কত ফুল,
অপ-দেবতার অভিশাপে
সব হয়ে গেছে ভুল

দমকা হাওয়ায় নিভলো প্রদীপ,
ভাঙল ঝড়ে খেলা ঘর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর


কামনার রাঙা গোলাপ
প্রেমের শতদল
কামনার নদীতে আজ
কানায় কানায় পূর্ণ জল

যৌবনে রং লেগেছে, তবুও
ব্যথায় ভরা মোর অন্তর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফাগুনের আগুনে পুড়ে গেল অন্তর,
হৃদয়ে আছে জমা বেদনার বালুচর

মাঝ দরিয়ায় উঠল তুফান,
এলো ঝঞ্ঝা ভয়ংকর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর






























Saturday, 28 February 2015

আশায় বাঁধি খেলাঘর
বিন্দু বিন্দু ঘাম আর ফোটা ফোটা জল
নয়নের অশ্রুজলে হেথা ফুটেছে কমল,
অঝোর অশ্রু ঝরে, বিশাল ধরণীর পর
তবুও আশায় বাঁধি আমি খেলা ঘর

কামনার নদীতে ভাসে ভালবাসার মৃতদেহ
মরে গেছে ভালবাসা, প্রেম, প্রীতি, স্নেহ
সুখের সংসার আজি শোকের সাগর,
তবুও আশায় আজি বাঁধি আমি খেলাঘর

সোনালী বিকেলে দেখি সূর্য অস্ত যায়
বকের পাখায় এক আলোক লুকায়
জোনাকিরা আলো দেয়, দেয় উত্তাপ প্রখর,
তবুও আশায় আজি, বাঁধি আমি খেলাঘর

জোছনা মরে গেছে, চাঁদ নেই আকাশে,
রাতের আকাশে তারারা মলিন বদনে হাসে।
মিটি মিটি জ্বলে তারা, কাটায় রাত্রি প্রহর,
তবুও আশায় আজি, বাঁধি আমি খেলাঘর
































































Friday, 30 January 2015





ভারতের নারী

জাগছে জাগবে,
ন্যায়ের অস্ত্র ধরে,
ভারতের নারী এবার জাগবে

খল নায়কের ফাঁদে,
পড়বে না আজ ওরা,
অন্যায়ের প্রতিবাদ করবে

কলির দুঃশাসন,
করিছে বস্ত্রহরণ,
দিকে দিকে শুনি মা-বোনেদের কান্না

অন্ধকারের বুকে,
লজ্জায় মুখ ঢেকে,
লুকিয়ে রেখে অনেক ব্যথা আর বেদনা

ভারতের নারী আর তুমি কাঁদো না
দিকে দিকে শুনি মা-বোনেদের কান্না

মুছে ফেল আঁখি জল,
দেখাও তব শক্তিবল,
শৌর্যে বীর্যে নারী নহে হীন,

দিগন্তে লাল সূর্য ঐ,
দিয়ে অভয় কয় মাভৈঃ
দেখো ওই আসিছে সুদিন

কর তীব্র প্রতিবাদ,
মিটাইতে রণসাধ,
বাজাও দুন্দুভি রণভেরী

সংগ্রাম সমরে,
ন্যায়ের অস্ত্র ধরে,
জেগে ওঠ ভারতের নারী























Sunday, 4 January 2015

স্বচ্ছ ভারত সবুজ অভিযান

স্বচ্ছ ভারত সবুজ অভিযান
দিকে দিকে তার আহ্বান,
ভারত আবার দিচ্ছে ডাক,
ময়লা, আবর্জনা দূরে যাক


একজাতি একপ্রাণ একতা
জেগে ওঠো ভারতের জনতা
স্বচ্ছ ভারত, নির্মল ভারত
দেশ ও জাতির মুক্তির পথ


স্বচ্ছ ভারত, সবুজ অভিযান,
বাড়ায় দেশ ও জাতির মান
দেশ ও জাতির পবিত্র শপথ,
স্বচ্ছ ভারত ও নির্মল ভারত


করবো আমরা দেশের কাজ
গড়বো আমরা নতুন সমাজ
দূরে নয় সবাই এসো কাছে,
ভারতে এবার সুদিন আসছে



















Saturday, 3 January 2015

পুজোর দিনে

কালো মেঘ আর যায় না দেখা
বর্ষা নিয়েছে আজি বিদায়
সাদা মেঘের আনাগোনা চলে
নীল আকাশের আঙিনায়

গাছে গাছে ফোটে শিউলি, করবী
টগর ফুল রাশি রাশি,
গাঁয়ের মেঠো পথে মেঠো
সুরে বাজে বাঁশের বাঁশি

ঢাকের শব্দে মেতে ওঠে গ্রাম
বাতাসে পূজো-পূজো গন্ধ
মন মাতানো বাঁশির সুরে
প্রাণে জাগে খুশির আনন্দ

মাঝিরা সব মাদল বাজায়
দূরে বাজে পূজোর সানাই
পূজোর দিন এগিয়ে আসে
পূজোর বাজার করা চাই

কচি কচি ধানের খেতে
মেঠো সোনালী রোদ হাসে,
ঢাকের শব্দে মেদিনী কাঁপে
দোলায় চড়ে মা দুর্গা আসে









কবিতা ও ভালবাসা

আমি ভালবাসি, তোমায় বড় ভালবাসি,
শুধু ভালবাসি নয়, দারুণভাবে ভালবাসি।
আর তাই, তোমার জন্যে লিখলাম এই কবিতা।

কবিতা, তুমি একটা ফুল হও,
চারদিকে রাক্ষুসে ক্যাকটাসগুলোকে ম্লান করে
কবির হৃদয়ে গোলাপ ফুল হয়ে ফুটে ওঠো।
এখানে নয় কবিতা, এখানে বড় চিৎকার,
কর্কশকণ্ঠে শয়তানির চক্রান্ত আর
জরাজীর্ণ কংকালের দল শ্মশানভূমিতে
এখানে রাতের অন্ধকারে চলাফেরা করে।
কবিতা, তুমি বরং
একটা নতুন সকালের খোঁজ করো,
যেখানে মেঘ আড়াল করে না সূর্যকে,
তোমাকে ভালবেসে আজ আমি
নতুন সকালের নকল সূর্যোদয় দেখলাম।

কবিতা, তোমার অবর্ণনীয় রূপ, রং আর
বর্ণময় রূপের শোভা আমার
মনের গভীরে ভালবাসার রং ছড়ায়।
তোমার ভাসা ভাসা দুটি নীল চোখ,
আমার হৃদয়ে ভালবাসার গান গায়।
তোমার সুঠাম দেহের ভাঁজে ভাঁজে
লুকিয়ে থাকা প্রেম আমায় ডাকে ইশারায়।
তোমার ওষ্ঠে রাঙা হাসির রেখা
আমার হৃদয় আর মনে রং লাগায়।
আমার মন আজি তুমি কোথায়
তুমি কোথায় বলে ডেকে যায়।
ভালবাসার পাখনা মেলে উড়ে যায়।
এখানে নয় প্রিয়া, এখানে নয়,
তুমি আমি আজ, হারিয়ে যাব
অজানা স্রোতের টানে ভেসে যাব,
ভালবাসা দিয়ে শুধু হৃদয় বিনিময়।
এখানে নির্জন, বাতাসে শিহরণ!
দুটি হৃদয় আর দুটি অবুঝ মন,
মিলে যায়, মিশে যায়, এক হয়।
তারপর কালের স্রোতে হয়তো
একদিন কবিতা হারিয়ে যায় ...
শুধু ভালবাসা বেঁচে রয়,
কবির হৃদয়ে, বাহিরে নয়,
হৃদয়ের গভীরে, আরো গভীরে
কবিতার ফুল হয়ে নাহিক সংশয়।